দুই ঘণ্টায় ১২০০ কিমি অতিক্রম করবে উন্নত প্রযুক্তির এয়ারক্রাফট ‘আকাশতরী’

১৪ মার্চ, ২০২১ ২১:২২  

‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে যুক্ত হওয়া নতুন দুইটি এয়ারক্রাফট। কানাডাভিত্তিক প্রতিষ্ঠানের তৈরি ড্যাশ ৬-৪০০ মডেলের এই এয়ারক্রাফট বিশ্ব বাজারে 'নেটওয়ার্ক বিল্ডার' বা যোগাযোগ স্থাপনকারী হিসেবে সুপরিচিত।

এয়ারক্রাফটির প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দেওয়া তথ্য ,আকাশ পথে এই এয়ারক্রাফট দুই ঘণ্টায় ১২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। এছাড়া ঘণ্টায় ৫৬০ কিলোমিটার এবং একটানা সর্বোচ্চ দুই হাজার ৪০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম ‘আকাশতরী’ও ‘শ্বেতবলাকা’।

এই এয়ারক্রাফটটি ৯০ জনের বেশি যাত্রী বহন করতে সক্ষম। ওজন বহনের দিক থেকেও এগিয়ে ড্যাশ ৬-৪০০ মডেলের এয়ারক্রাফটটি। এটি উড্ডয়নের সময় ২৭ হাজার ৯৮৭ কেজি থেকে ৩০ হাজার ৪৮১ কেজি, অবতরণের সময় ২৭ হাজার ৪৪২ কেজি থেকে ২৯ হাজার ২৯ কেজি ওজন বহন করতে সক্ষম। একই সঙ্গে সর্বোচ্চ কম জ্বালানি নিয়ে ২৫ হাজার ১৭৪ কেজি থেকে ২৭ হাজার ৫৭৮ কেজি ওজন বহন করতে সক্ষম।

এয়ারক্রাফটটি ৩২ দশমিক ৮ মিটার লম্বা, এটির উচ্চতা ৮ দশমিক ৪ মিটার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে নতুন এই এয়ারক্রাফটটিতে ব্যবহার করা হয়েছে হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার বা হেপা প্রযুক্তি যা মাত্র চার মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাস দূর করে এয়ারক্রাফটের অভ্যন্তরীণ বাতাস করে বিশুদ্ধ। এয়ারক্রাফটিতে রয়েছে পর্যাপ্ত ফাঁকাস্থান যা ভ্রমণ করবে আরও আরামদায়ক। আরও রয়েছে প্রশস্ত জানালা।

একই সঙ্গে রয়েছে আইএফই সিস্টেম যা বিনোদনের খোরাক যোগাবে যাত্রীদের।